Monday, 26 October 2020

মা শ্রমিক আপনার জন্য ফোটে না

 

*মা শ্রমিক আপনার জন্য ফোটে না। পৃথিবীর সব রাস্তা একমাত্র আমার কারখানার ভেতর ঢোকে।

 

* একদিন শুধু লাল ব্লাউজ পরবে?  চারদিকে গণহত্যা, আমি কাঁদছি, স্টেশনে পানি নেই।


* তোমার প্রেমিক নিয়মিত বেশ্যাগমন করে, মজুরি চার টাকা।  সে রক্তের ধারনাও রাখেনা । তোমার প্রেমিক এক চার টাকার রুমাল

* যেমন গণিত শিখতে চেয়েছি , বালিকা বিদ্যালয়ে কেন আত্মহত্যা করা যায় না জানতে চেয়েছি । অঙ্ক মাস্টারের হাতে বন্দুক

 

*রাজহাঁসের রুমাল করে নতুন বৌয়ের কাটালাশ রেখে সূর্যোপসনা করো না

রুমালের আছে সঙ্গীত শিক্ষক, জেরুজালেম,
দৌড়ুতে দৌড়ুতে রুমালের আগুন বেড়ে যায়৷

রুমালের সিনা জুড়ে কত উঁচু উঁচু ঘরবাড়ি, আত্মহত্যা, জল বানিজ্য,
তাতে কি তার অবসাদ মোছে?
কত একাকী!
হাত ফসকে ভিখারির মতো ফিরে যায়
রুমালের রক্তে আহ্লাদ থাকে না
পা ছড়িয়ে কাঁদে

রুমাল যেন সুদূর সাহারার ভূমিপুত্র, বিচ্ছেদের বেতার, সূর্য দ্বাদশী
কালোমেয়েরা মরে গেলে রুমাল হয় আর পৃথিবীর অক্ষরে নিজেদের অমর করে।

২৮.০৬.১৪২৫

*

ফুসলাচ্ছে চৈত্র
আর তোমার চোখে তোমার প্রেমিকা জীবিত পোকা

সে ডাক্তারি পড়ে, তোমাকে কবি হওয়া থেকে বাঁচাবে বলে।

ফুসলাচ্ছে চৈত্র
আমি প্রতিটি বিষয়ে ফেল করে যাচ্ছি।

 

* আমি প্রকৃত পুরুষ, আমাকে যৌন প্রস্তাব দাও, যেমন করে ফুলকে তুমি যৌন প্রস্তাব দাও।

যে সকল ফ্লাইওভার সিএন জি স্টেশনে একে অপরকে প্রতিশ্রুতি দেয়া হয় সেখানে ক্লাস করাচ্ছে দূর্ঘটনা কবলিত পেন্সিল। সম্পত্তি দানের কাগজ দেখিয়ে মেয়েকে উঠিয়ে নিয়ে গেলো একটি মৌমাছি।

গায়ে গা ঘেষে দাড়িও না, মোমের গন্ধ আসে। প্রস্তাব ভালো না লাগলে মধুতে ডুবে মরো।

ক্লাসরুমে প্রথমে শিখলাম দরদাম করে সব জিনিস নিতে হয়,না হলে ঠকতে হয়।প্রেমিকের রানী একজন শ্রমিক আর তাই অডিট করে ফেরার পথে ক্রোধ থাকে না, থাকে ক্ষুধা চিৎকার, 'বাসন্তী, বাসন্তী।'

ক্লাস রুমের পরবর্তী বিষয় বোর্ডে লেখা হচ্ছে
বিষয়ঃ-'জ্ঞান চুরি'

২৮.০৬.১৪২৬

ছবি ঋণঃ Aron Wiesenfeld. 





1 comment:

Featured post